প্রধান নির্বাচন ভবন ঘিরে কড়া নিরাপত্তা | Daily AjKaler Kontho

প্রধান নির্বাচন ভবন ঘিরে কড়া নিরাপত্তা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ১:৪৬ অপরাহ্ন
প্রধান নির্বাচন ভবন ঘিরে কড়া নিরাপত্তা

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত থাকলেও বিএনপিসহ বিরোধী দলগুলো তফসিল ঘোষণার বিরোধিতা করছে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল রাখা হয়েছে সীমিত। নির্বাচন ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এর আগে, গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ছাড়া তফসিল ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেন সিইসি।