
আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন কোন একটা রাজনৈতিক দলের জন্য আটকে থাকবে না। যে সমস্ত দলের নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচন করবে। যদি কোন দল নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার তবে নির্বাচন যথাসময়েই হবে।
হানিফ বলেন, এই নির্বাচন বানচাল করার জন্য বা বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি ও তার পক্ষে কিছু দল তৎপরতা চালাচ্ছে এতে কোন লাভ হবে না। কারণ নাশকতা মূলক কর্মকান্ড করে নির্বাচন বাধাগ্রস্থ্য বা বানচাল করা যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ থেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া জেলা সহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে।
এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ২৪ টি মন্ত্রণালয়ের অধীনে ১৫৭ টি বিভিন্ন প্রকল্প/ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ৬৪৪০ টি অবকাঠামো এবং ৫৩৯৭ টি ভূমিহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ভাধন ঘোষণা করেন। এই ১৫৭ টি প্রকল্প/ কার্যক্রমের আওতাধীন কুষ্টিয়া জেলার ০৯ টি প্রকল্প রয়েছে।
আপনার মতামত লিখুন :