
আজকালের কন্ঠ ডেস্ক : সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
গত রোববার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হাসিমুখে সেবা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দূতাবাসের স্বল্প লোকবল নিয়ে এত বিশাল সংখ্যার প্রবাসীদের সেবা প্রদান করা এক চ্যালেঞ্জের বিষয়। দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে সেবা প্রদান করবেন। তিনি আরও বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিকবার সৌদি সফরের মাধ্যমে এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। সৌদির সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সৌদির রেড সি গেটওয়ে টার্মিনাল ও আকওয়া পাওয়ার কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ চূড়ান্ত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।
এ সময় মন্ত্রী চলতি বছরের মার্চে সৌদির বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ১০ বিলিয়ন গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে বাংলাদেশের নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে। গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্নভাবে সৌদি আরবকে সহায়তা প্রদান করতে পারে।
জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি ঢাকা চেম্বার ও এফবিসিসিআই’র পক্ষ থেকে ব্যবসায়ীদের দু’টি দল সৌদি আরব সফর করেছে, যার মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
এছাড়া ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলের হামলা বন্ধে রোববার রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে যোগ দেন।
আপনার মতামত লিখুন :