
আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে একটি বিশেষ ট্রেন যোগে দুই সহা¯্রাধিক নেতাকর্মী খুলনায় গেছে। প্রধানমন্ত্রী সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। সোমবার সকাল ৯টায় কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৪ লক্ষাধিক টাকা ব্যয়ে এ বিশেষ ট্রেনটি ভাড়া করেন বলে দলীয় সুত্র জানিয়েছে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা শিবলী নোমনী নেতৃত্ব দিয়ে নেতাকর্মী ভর্তি ট্রেনটি খুলনা নিয়ে যান।
খুলনা সফর উপলক্ষ্যে সকাল থেকে মোবারকগঞ্জ স্টেশনে ঝিনইদহ-৪ নির্বাচনীর এলাকার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা আসতে থাকে। এসময় নেতাকর্মীদের মিছিল শ্লোগানে মুখরিত হয়ে উঠে স্টেশন এলাকা।
ট্রেনের নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দক্ষিণ অঞ্চল সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এ অঞ্চলের মানুষ। যে কারনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। জনসভাকে কেন্দ্র করে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলার ও ঝিনাইদহ সদরের আংশিক) এলাকা থেকে কর্মী ও সমর্থকরা খুবই উচ্ছ্বসিত।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার জানান, এ সরকারের আমলে খুলনা বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে এবং দক্ষিণ অঞ্চলের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
আপনার মতামত লিখুন :