আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড় : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড় : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন
আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড় : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়। যদি ক্ষমতাই বড় হতো তাহলে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করে ক্ষমতায় আসতে পারতাম। কিন্তু আমি গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় অনেকটা জোড় করেই আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নরসিংদীতে এশিয়ার অন্যতম বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা সরকারে আসতে পারিনি। আমরা ভোট বেশি পেয়েছিলাম, জনগণের সমর্থন আমাদের ছিল। নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, তাহলে আওয়ামী লীগই সরকার গঠন করত। কিন্তু তখন আমি একটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হই। সেই বিষয়টি অনেকেই জানেন না। সেই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমার কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির একটি প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। আমি চেয়েছিলাম, আমার দেশের মানুষের জন্য এই গ্যাস ব্যবহার হবে। বিদ্যুৎপ্ল্যান্ট করব, সার কারখানা করব, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে এবং ৫০ বছরের রিজার্ভ রাখতে হবে। এরপর উদ্বৃত্ত যদি থাকে, সেটুকু আমরা বিক্রি করব, এর বাহিরে নয়।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এসে কী করেছে? যেখানে আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছিলাম, বিনিয়োগ বাড়িয়েছিলাম। সেখানে তারা সেটিকে ধীরে ধীরে কমাতে শুরু করে।