শরীয়তপুরে খাদ্য গুদামের কর্মকর্তার বাসা থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ | Daily AjKaler Kontho

শরীয়তপুরে খাদ্য গুদামের কর্মকর্তার বাসা থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ৯:৫৭ পূর্বাহ্ন
শরীয়তপুরে খাদ্য গুদামের কর্মকর্তার বাসা থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ খাদ্য গুদামে অভিযান চালিয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের বাসা থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

গতকাল শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫‘শ ৯০ কেজি চাল ও ১১শ সরকারি স্টিকার যুক্ত খালি বস্তা সিলগালা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অভিযুক্ত খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, লেবারের খোরাকির চাল এখানে রেখেছি। আর খালি বস্তাগুলো বাহির থেকে নিজের টাকায় কিনে এনে ছিঁড়া ফাটা বস্তা পাল্টিয়ে ডিলারদের দেই। বস্তার টাকাও আমি পাই না।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, একটি পত্রিকার সংবাদ ও বিভিন্ন লোকের অভিযোগের কারণে আমার সকাল সাড়ে ৮টায় আমি আকস্মিক গুদামে আসি। এ সময় নানা অনিয়ম চোখে পড়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে ৫শ ৯০ কেজি সরকারি চাল এবং ১১ সরকারি স্টিকারযুক্ত অতিরিক্ত বস্তা জব্দ করেছি। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। আমি জব্দ তালিকাসহ জেলা প্রশাসক স্যারের নিকট আজই প্রতিবেদন পাঠাবো।