
আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে এক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড চাঁদের পাড়া এলাকায়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে এক অসহায় মহিলার বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও বাড়ি থেকে কিছু বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম বিলকিস বেগম। তিনি মৃত গোলাম আলীর স্ত্রী।অন্য মালামাল বাদ দিলাম নিজের মোবাইলটাও নিয়ে বের হতে পারিনি।
বিলকিস বেগম জানান, গভীর রাতে ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ আগুনের তাপ গায়ে অনুভব হলে ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরে আগুন লাগার বিষয়টি বুঝে দ্রুত ঘর থেকে কোন রকমে বের হয়ে আসি।
ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিধবা বিলকিস বেগম একজন অসহায় মহিলা। গভীর রাতে অগ্নিকাণ্ড হওয়ায় এলাকাবাসীর সবাই ঘুমিয়েছিল। যার কারনে কিছুই বের করা সম্ভব হয়নি। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান।
বর্তমানে বিধবা বিলকিস বেগম খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।
আপনার মতামত লিখুন :