ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ | Daily AjKaler Kontho

ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর ছাগলনাইয়াতে যুবদলের সাংগঠনিক সম্পাদক সহ তিনজনকে গ্রেফতার করেছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি অবিস্ফোরিত ককটেল, ০১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, বাঁশের খন্ড দ্বারা বিশেষভাবে তৈরি ০৯টি অগ্নি মশাল এবং বিপুল পরিমাণ ইটের টুকরো উদ্ধার করে।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামাদের আসামি করে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/২৬৮, তারিখ-০৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০, তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬।

র‌্যাব-৭, সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গত ০৯ নভেম্বর তারিখ আনুমানিক ১২টায় ফেনী জেলার শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামি মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা- মৃত সিরাজুল হক @ কনু মিয়া, সাং-দৌলতপুর, এজাহার নামীয় আসামি, মোঃ আজিজুল হক @ ছিড়া আজিজ (৩৮), পিতা- মৃত সামছুল হক, সাং-নিজ কুঞ্জরা’কে ফেনীর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকা হতে এবং ফেনী শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সন্দিগ্ধ পলাতক আসামি, মোঃ আলাউদ্দিন (৫২), পিতা- মৃত ওবায়দুল হক, সাং- নিজ কুঞ্জরা, সকলের থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী,এদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা করে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যুবদলের সদস্য, আজিজুল হক ছিড়া আজিজ ছাগলনাইয়া উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং মোঃ আলাউদ্দিন, ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা যায়।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৭ টি মামলার পাওয়া যায়। এছাড়াও আসাসি মোঃ আজিজুল হক ছিড়া আজিজ এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় নাশকতা এবং হত্যাচেষ্টাসহ ০২টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার ছাগলনাইয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ, ওসি, সুদীপ রায় সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।