নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা | Daily AjKaler Kontho

নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : নরসিংদীতে কামরুজ্জামান (৪২) নামে এক প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৮ নভেম্বর) রাত ৯টায় শহরের ব্রাহ্মণপাড়া এলাকার গুরুদাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে গলাকাটা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত কামরুজ্জামান শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনির মৃত আব্দুল হামিদের ছেলে। একসময় তিনি এলাকায় ছেলে-মেয়েদের প্রাইভেট পড়িয়ে কোনো রকমে সংসার চালাতেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন। মাস তিনেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে দেশে ফিরে কামরুজ্জামান বিকাশের এজেন্টের ব্যবসা শুরু করেন। পাশাপাশি অতীতের মতো ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। পরে রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।