উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা : আবদুল্লাহ আল-মামুন | Daily AjKaler Kontho

উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা : আবদুল্লাহ আল-মামুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ন
উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা : আবদুল্লাহ আল-মামুন

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারব তখনই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিএনসিসির স্মার্ট অন স্ট্রিট পার্কিং উদ্যোগকে স্বাগত জানাই। তারা নিজেরা নিজেদের অর্থায়নে যে উদ্যোগ নিয়েছে সেটির সঙ্গে আমরা আছি। দেখা যায় নো পার্কিং বললেও আমরা কোথায় করতে হবে তা বলি না। এই উদ্যোগের মাধ্যমে কোথায় পার্কিং করা যাবে সেটি বলার সুযোগ হবে।

তিনি আরও বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কার পার্কিং সিস্টেম দেখি, সেই ধরনের একটি কার পার্কিং ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে আছে স্মার্ট কার পার্কিংয়ের ব্যবস্থা। সেখানে দেড়শ গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা শহরের যানজট কমানো ও যানবাহনগুলোকে আইনের আওতায় নিয়ে আসায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।