
আজকালের কন্ঠ ডেস্ক : বর্তমান সরকারকে গরিবের সরকার এবং শেখ হাসিনাকে দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নেই— এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। দলমত নির্বিশেষে সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত করে বলে কাউকে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন টেকসই হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে শত শত গাড়ি পুড়িয়েছে। দেশের সম্পদ নষ্ট করেছে। গাড়ির মালিকদের প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাকাল অতিক্রম করেছে দক্ষতার সঙ্গে। তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিওইল উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :