ছাড়ছে না দূরপাল্লার বাস | Daily AjKaler Kontho

ছাড়ছে না দূরপাল্লার বাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন
ছাড়ছে না দূরপাল্লার বাস

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামাতের দু’দিনের অবরোধে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তেল পাম্প ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে রাখা হয়েছে। অলস সময় কাটছে ড্রাইভার, হেলপার, কলার বয়সহ হকারদের।

রোববার (৫ নভেম্বর) গাবতলী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায় সকাল ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। অধিকাংশ কাউন্টার বন্ধ। কোনো যাত্রীও নেই। দুয়েকটি কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়ার সম্ভাবনা কম।

তারা জানালেন, যাত্রী পেলে এবং সন্ধ্যায় দুয়েকটি গাড়ি ছাড়তে পারে। তারপরও নিশ্চয়তা নেই।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণত ঢাকা এক্সপ্রেসের তিনটি বাস ঢাকা-উত্তরাঞ্চলে চলাচল করে। অবরোধের কারণে কোনো গাড়িই ছাড়ছে না।

গাবতলীতে বাসটির কাউন্টার ম্যানেজার আল আমিন বললেন, অবরোধের কারণে বাস ছাড়ছি না, কোনো যাত্রীও আসছে না। আগের হিসাব নিকাশ করার জন্য কাউন্টার খুলে বসে আছি। হিসাব করছি, আরও কিছু কাজ আছে শেষ করে চলে যাব। আশপাশের ১৮টি কাউন্টারের মধ্যে খোলা মাত্র তিনটি।

দুয়েকটি বাস ছাড়ার নির্দেশ আছে সেঁজুতি ট্রাভেলসের মালিকের। কল্যাণপুরের কাউন্টার খুলে বসে আছে লোক নেই, স্বাভাবিকের চেয়ে দুই তিনশ টাকা কম দাম টিকিট বিক্রি করতে চাইলেও চট্টগ্রামের কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না।

গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও সাভার ও পাটুয়ায় ফেরিঘাটে কিছু কিছু গাড়ি ছেড়ে যাচ্ছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও পরিবহন শ্রমিকরা।