নিহত অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক আটক | Daily AjKaler Kontho

নিহত অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন
নিহত অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক আটক

আজকালের কণ্ঠ ডেস্ক : জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, বাসা থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যান প্রেমিক রাফি। হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করার পরই রাফি হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যান। বিবাহিত রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিমুর।

অভিনেত্রীর কাছের সহকর্মী অভিনেতা প্রাণ রায় জানিয়েছেন, তিনি কখনো প্রেমিক রাফির নাম শোনেননি। তা ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা হতো না।

তবে কে এই রাফি তা নিয়ে মিডিয়া পাড়ায় চলছে নানান জল্পনা-কল্পনা। কারণ এই রাফিকে সেইভাবে কেউ তাকে চিনে না।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে হিমুকে হাসপাতালে নিয়ে যায় রাফি। এরপর হাসপাতালে চিকিৎসকরা জানায় হাসপাতালে নেওয়ার আগেই হিমু মারা গেছে। এতে প্রশ্ন উঠেছে হিমুর সঙ্গে এমন কি ঘটেছিল? যদিও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনি নিশ্চিত করে কিছু বলা যাবে না।

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।