চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৯:৪০ পূর্বাহ্ন
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

আজকালের কণ্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ বুধবার (১ নভেস্বর) সন্ধ্যায় দেশে ফিরছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ৫৮৫) একটি বিমানযোগে রাষ্ট্রপতির হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এ সময় বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্যরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

সোমবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ‘মেডিকেল বোর্ড’ রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমান ভ্রমণে মত দেন।

১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ১৬ অক্টোবর রাষ্ট্রপতি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।