ওআইসি’র প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংলাপে জোর : প্রধানমন্ত্রীর | Daily AjKaler Kontho

ওআইসি’র প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংলাপে জোর : প্রধানমন্ত্রীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
ওআইসি’র প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংলাপে জোর : প্রধানমন্ত্রীর

আজকালের কন্ঠ ডেস্ক :ওআইসির প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব সমস্যা সমাধানের জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ওআইসির প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকলেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। একই সঙ্গে চলমান ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের আহ্বান পুর্নব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করে জেদ্দায় ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ওআইসি কনফারেন্স অন উইমেন ইন ইসলাম’ এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে আরেকটি চিঠি হস্তান্তর করেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে তার দেশের পক্ষে বাংলাদেশের সমর্থন চাইলে প্রধানমন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাশাপাশি রাষ্ট্রদূত ‘এক্সপো-২০৩০’ এর আয়োজন করতে তার দেশের পক্ষে নতুন করে সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে শেখ হাসিনা রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, বাংলাদেশ ‘ইমাম সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে এবং তিনি ওই সম্মেলনে যোগদানের জন্য দুই পবিত্র মসজিদের ইমামদের আমন্ত্রণ জানান।

আলদুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন। সূত্র : বাসস