‘নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা’ | Daily AjKaler Kontho

‘নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন
‘নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা’

আজকালের কন্ঠ ডেস্ক : নভেম্বর মাসের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

মো. আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করছি, নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার দিকে তাকিয়ে আছে কমিশন।

মো. আনিছুর রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি সমঝোতার দিকে যাওয়া উচিত বলে দেশ ও জাতি মনে করে। আমরা কেউ পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। কাজেই এগিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।