অসুস্থ নায়ক জাভেদের পাশে প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

অসুস্থ নায়ক জাভেদের পাশে প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২০, ৯:৪৭ অপরাহ্ন
অসুস্থ নায়ক জাভেদের পাশে প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার ‘রাজকুমার’খ্যাত নায়ক জাভেদ গুরুতর অসুস্থ। বেশ কিছুদিন যাবত গুরুতর অসুস্থ অবস্থায় দিনযাপন করছেন তিনি। চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে তার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিকিৎসায় খরচ চালাতে গিয়ে সংকটে পড়া এই নৃত্য পরিচালককে ১৯ মে নগদ ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে জাভেদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকারের একজন মমতাময়ী মা।

এতদিন শুনে এসেছি তিনি সবার পাশেই মায়ের মমতা নিয়ে দাঁড়ান। আমার পরিবার সেই সত্যটা নিজ চোখে দেখল।

তিনি যদি আর্থিক সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। আমি যতোদিন বাঁচব ততদিনই তার জন্য মন থেকে দোয়া করব।

দোয়া করি আল্লাহ যেন আমাদের মমতাময়ী এই মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রধানমন্ত্রী যেন আরো সম্মানিত হন।

জাভেদের স্ত্রী ডলি জাভেদ বলেন, করোনার এই ক্রান্তিকালে যখন চারিদিকে অন্ধকার দেখছিলাম, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা পেয়ে আমরা যেন প্রাণ ফিরে পেলাম।

দোয়া করি আল্লাহ যেন মমতাময়ী এই মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা আজীবন তার কাছে কৃতজ্ঞ।

মূত্রথলিতে টিউমার থেকে তা ক্যান্সারের পর্যায়ে রূপান্তরিত হয়ে যাবার কারণে গেল দেড় মাস আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ডা. সাব্বির আহমেদ খান তার অপারেশন করেন।

কিন্তু পরবর্তীতে তিনি ভীষণ আর্থিক সংকটে পড়ে যান বলে জানান তার সহধর্মিনী ডলি জাভেদ। জাভেদের পরিবার যখন আর্থিক সংকটে তখন দেশ করোনা মহামারীর প্রকোপে।

উল্লেখ্য, ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। সত্তর ও আশির দশকে পোশাকি ছবিতে নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে।

তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা ইত্যাদি।

আজকালের কন্ঠ /এসকে