আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন,নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে বিএনপি। যে কবরে তারা পা দিয়েছিল, সেখান থেকে উঠতে পারেনি। ১৪ বছর আন্দোলনের নামে হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছে তারা।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ভয় দেখাচ্ছে, এই ভয় যেন আমাদের আক্রমণ ও গ্রাস না করতে পারে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে থেকে তাদের প্রতিহত করা হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। ব্যর্থ হয়ে চূড়ান্ত পর্যায়ে বিএনপির বিপর্যয় হবে।
বিএনপিকে তিনি বলেন, শুভ বুদ্ধির পরিচয় দিয়ে জন রায় নিতে নির্বাচনে আসুন। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই।
আব্দুর রাজ্জাক বলেন, জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকতে হবে। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে। নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। বিএনপির ষড়যন্ত্র, হুমকি বিদেশীদের দিয়ে ষড়যন্ত্র সব কিছুতে মোকাবেলা করতে হবে। আমেরিকা, লন্ডন আওয়ামী লীগের শক্তির উৎস না।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, সদস্য খন্দকার আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক ও মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ।
আপনার মতামত লিখুন :