ভাইকে কুপিয়ে বোনকে তুলে নিয়ে গণধর্ষণ | Daily AjKaler Kontho

ভাইকে কুপিয়ে বোনকে তুলে নিয়ে গণধর্ষণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২০, ৪:১৪ অপরাহ্ন
ভাইকে কুপিয়ে বোনকে তুলে নিয়ে গণধর্ষণ

পিরোজপুরের কাউখালীতে ভাইকে কুপিয়ে আহত করে বোনকে গনধর্ষণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

শারীরিক নির্যাতনের শিকার ওই নারী ও হামলায় গুরুতর আহত তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ইউনিয়নের ৮ নং জোলাগাতী ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন জানান, ওই রাতে স্থানীয় এক ব্যক্তি তাকে (ইউপি সদস্য) ফোন করে বোনকে গনধর্ষণ ও ভাইকে কুপিয়ে আহত করার খবর দেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থাণীয় একটি শিকদার বাড়ি সংলগ্ন একটি ব্রিজের কাছে এনে রাখে। বোনকে অজ্ঞান অবস্থায় ও ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলায় আহত ভাই জানান, ওই রাতে ওই গ্রামের একটি বাড়িতে মাছ দিয়ে ফেরার সময় স্থানীয় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তার বোনকে তুলে নিতে চায়। এতে বাধা দিলে হামলাকারী স্থানীয় মোজাম্মেল বয়াতীর ছেলে জামাল বায়াতী (২৮), মোসলেম শিকদারের ছেলে জিয়াদুল শিকদার (২৫), শাহীন হাওলাদারের ছেলে আবু বক্কর ছিদ্দিকী (২৪), মাহাবুব শিকদারের ছেলে মিজান শিকদার (২৬) ও হক মৃধার ছেলে ইব্রাহিম মৃধা (২৩) তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়।

এ সময় তাদের সাথে থাকা মোসলেম গাজীর ছেলে কামাল গাজী (৩৫) ও আকব্বর আলী হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫) এ ২ জনে তার বোনকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২ ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুভ্রত বিশ্বাস জানান, ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছু পর তার জ্ঞান ফেরে। তার ভাইয়ের শরীরের ডান হাটু, ডান হাটুর নীচে ও বাম হাতের কনুই থেতলানো এবং মাথার ওপরে ডান পাশে কাটা চিহ্ন পাওয়া গেছে।

থানা পুলিশের ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, ওই রাতের ২টার দিকে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কামাল গাজী স্থানীয় শীর্ষ সন্ত্রাসী। তার নামে কয়েকটি মামলা রয়েছে।