ক্রিকেটার রুবেল আমার বাবা আর নেই | Daily AjKaler Kontho

ক্রিকেটার রুবেল আমার বাবা আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
ক্রিকেটার রুবেল আমার বাবা আর নেই

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মারা গেছেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হারানোর খবর জানিয়েছেন রুবেল। ফেসবুক পোস্টে এ টাইগার পেসার লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

জানা গেছে, বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর রুবেল ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।