হারুন এডিসি এক দিনে দুবার বদলি | Daily AjKaler Kontho

হারুন এডিসি এক দিনে দুবার বদলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৫:০২ অপরাহ্ন
হারুন এডিসি এক দিনে দুবার বদলি

আজকালের কন্ঠ ডেস্ক : ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে এক দিনে দুবার বদলি করা হয়েছে।

গত রোববার প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

শনিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধর করেন এডিসি হারুন অর রশিদ। নারীঘটিত একটি ঘটনার জেরে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়। কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, হারুনকে গ্রেফতার করা হোক।