প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নতুন সভাপতি জনাব মাহবুবুল আলম।

গত মঙ্গলবার (আগস্ট ২৯) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি। বৈঠকে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় ২০২৩-২০২৫ মেয়াদে এফবিসিসিআই এর সভাপতির দায়িত্ব নেওয়ায় জনাব মাহবুবুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করে বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই এর প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এসময় বিগত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এফবিসিসিআই এর সকল উন্নয়নমুখী কার্যক্রমে সব সময় পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।