এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন | Daily AjKaler Kontho

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক : ইনজুরি আর মানসিক অবসাদের কারণে আগেই এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল খান। তার অনুপস্থিতিতে লিটনের উপর ছিল বড় ভরসা। অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।

সর্বশেষ ডিপিএলে বিজয়ের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান এসেছিল। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে ছিলেন তিনটি হাফ সেঞ্চুরিও। ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন বিজয়। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি। কদিন আগে জানা যায় শৃঙ্খলা ভঙের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।

অবশেষে লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ডানহাতি এই ব্যাটারের। ফলে দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন বিজয়। এদিকে সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি।

মোহাম্মদ সিরাজদের বিপক্ষে সেই সিরিজে তিন ম্যাচে সব মিলিয়ে ৩০ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

এর আগে জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করলেও ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয় বিজয়কে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়।

সেই পারফরম্যান্সই তাকে ২০১৯ সালের পর জাতীয় দলে ঢুকতে সহায়তা করেছিল।