আজ প্রধানমন্ত্রী জোহানেসবার্গ ত্যাগ করবেন | Daily AjKaler Kontho

আজ প্রধানমন্ত্রী জোহানেসবার্গ ত্যাগ করবেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
আজ প্রধানমন্ত্রী জোহানেসবার্গ ত্যাগ করবেন

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দেন। ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।

কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন, যা সশরীরে আয়োজিত হয়েছে।