যমুনার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে | Daily AjKaler Kontho

যমুনার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৩, ৪:১০ অপরাহ্ন
যমুনার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে

আজকালের কন্ঠ ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির ফলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও ক্রমাগত বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার এ তথ্য জানান।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও ৪ থেকে ৫ দিন পানি বাড়বে। এর মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে বিপৎসীমা অতিক্রম করলেও আতঙ্কের কোনো কারণ নেই। স্বাভাবিক প্লাবন হলেও বন্যা বা কঠিন অবস্থা তৈরির আশঙ্কা কম বলে তিনি জানান।

তিনি বলেন, জেলার হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১২ দশমিক ৪৫ মিটার) এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৪ দশমিক ৮০ মিটার)।

দ্রুত যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপু ও চৌহালী উপজেলার অভ্যন্তরীণ চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতেও পানি উঠছে। ভাঙন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।