বিএনপি-জামায়াতের ৬৫ নেতা-কর্মী গ্রেফতার | Daily AjKaler Kontho

বিএনপি-জামায়াতের ৬৫ নেতা-কর্মী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের ৬৫ নেতা-কর্মী গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও জামায়াতের ৬৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (২ আগস্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে আরও রয়েছেন, কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল কাদের, বিষ্ণুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জামায়াত নেতা মতিয়ার রহমান, চুপড়িয়া ইউনিয়নেনর আব্দুর রহমানসহ মোট ৬৫ জন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ককটেলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।