আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারী ঢুকেছে এমন খবরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ভবনে। আশপাশের এলাকা অবরুদ্ধ করে ব্যাপক তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় গত বুধবার (২ আগস্ট) বিকালে খবর আসে পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটল লাগোয়া সিনেট ভবনের ভেতরে বন্দুকধারী ঢুকেছে। পুলিশের বিবৃতিতে জানানো হয়, জরুরি সেবার টেলিফোন নম্বর ‘নাইন ওয়ান ওয়ানে’ এই তথ্য পাওয়ার সাথে সাথেই অভিযানে নামে পুলিশ।
ভবনটি ঘিরে সবাইকে যার যার অবস্থান থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার জন্য মাইকিং করা হয়। ব্যক্তিগত ই-মেইলে বার্তা পাঠিয়েও সতর্ক করা হয়। নিরাপদে বের করে আনা হয় ভবনের ভেতরে আটকে পড়া সিনেট ভবনের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক ও দর্শনার্থীদের।
অভিযান শেষে বিকাল সাড়ে তিনটার জানানো হয়, ব্যাপক তল্লাশির পর কোন বন্দুকধারী বা সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। পার্লামেন্টের অধিবেশন না থাকায় প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্য কোন জনপ্রতিনিধি এই ঘটনার সময় সিনেট ভবনে ছিলেন না।
আপনার মতামত লিখুন :