দাখিলের ফলাফলে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা | Daily AjKaler Kontho

দাখিলের ফলাফলে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন
দাখিলের ফলাফলে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখে মাদরাসা বোর্ডের শীর্ষে অবস্থান করছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এ বছরও এ মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ১২৫জন জিপিএ-৫ এবং ১৮৭ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছ। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত দেশ সেরা এ প্রতিষ্ঠানিটি প্রতিবছরই দাখিলের ফলাফলে সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করে থাকে।
মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মাওলানা মো. শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্াসে মেতে ওঠে মাদরাসার ক্যাম্পাস। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে নিজের অনুভুতি প্রকাশ করে।
মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই মাদরাসাটি এগিয়ে থাকে। বর্তমানে এ মাদরাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌরব অর্জন করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি।
তিনি বলেন, মুসলিম ঐক্যের প্রতীক হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের পুত্র আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময় ফিডব্যাক ক্লাস, অভিভাবকদের সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। এ প্রতিষ্ঠানটির উন্নতির জন্য শিক্ষক-অভিভাবকসহ সর্বমহলের আন্তারিক সহযোগিতা কামনা করেন তিনি।