আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রতি গত সাড়ে ১৪ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা গণববনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা মহামারিতে কৃষকদের ধান কেটে অসহায় মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে জনগণের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থসামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে।
কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে ভারমুক্ত করে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
আপনার মতামত লিখুন :