আজ বাণিজ্য সম্মেলন , যোগ দেবেন : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

আজ বাণিজ্য সম্মেলন , যোগ দেবেন : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
আজ বাণিজ্য সম্মেলন , যোগ দেবেন : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন আজ। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনের আয়োজন করছে দেশের বাণিজ্য সংক্রান্ত সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে “স্মার্ট বাংলাদেশ” প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

গত শুক্রবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার বলার সুযোগ পাবেন এবং তাদের চাহিদার কথা জানাতে পারবেন। সরকারি ও বেসরকারি সেক্টর একসঙ্গে কাজ করার বিষয়ে এখানে সঠিক দিকনির্দেশনা পাবে।

এফবিসিসিআই সভাপতি জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে চাই আমরা, সেখানে যেসব সম্ভাবনা আছে, বাধা আছে সেই বিষয় রিপোর্টে সংযুক্ত থাকবে। সেই সঙ্গে সম্মেলনে ব্যবসায়ীরা সুবিধা, অসুবিধার অভিমত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এফবিসিসিআই’র পরিচালকরা ও অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।