‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দল সবসময় দেশের জনগণের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে। জনগণই তাদের প্রতিনিধি বাছাই করবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) গণভবনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন ও মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। জনগণ তাদের প্রতিনিধি বাছাই করবে। জনগণের এই অধিকার আদায় করতে আমার দল সব সময় সংগ্রাম করেছে। আমরা অতীতে দেখেছি বিএনপি কীভাবে ভোট কারচুপি করেছে। আমরা সংগ্রাম করে সেটি পরিবর্তন করেছি। আমরাই স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছি।

তিনি বলেন, কোনো দলের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমরা একটা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস উপস্থিত ছিলেন।