বিপদসীমা পার যমুনার, দিল্লিতে বন্যা আতঙ্ক | Daily AjKaler Kontho

বিপদসীমা পার যমুনার, দিল্লিতে বন্যা আতঙ্ক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন
বিপদসীমা পার যমুনার, দিল্লিতে বন্যা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যমুনা নদীর পানি বিপদ সীমার ওপরে চলে যাওয়ায় বন্যার হুমকিতে পড়েছে দিল্লি। উত্তর ভারতে ভারি বৃষ্টিপাতে পানির ঢল, ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনায় গত কয়েকদিনে অন্তত একশ’ জনের প্রাণহানি হয়েছে।

গত সোমবার (১০ জুলাই) দুপুরেই যমুনা নদীর পানির স্তর বিপদ সীমা পার হয়ে দুইশ’ চার দশমিক ছয় তিন মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৬টি কন্ট্রোল সেন্টার খুলে নিম্নাঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নগরবাসীকে আশ্বস্ত করে বলেছেন, বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা নেই। তার দাবি, বিভিন্ন ব্যবস্থা নেয়ায় ১৯৭১ সালের পর দিল্লিতে কখনো বন্যা হয়নি। হরিয়ানা সরকার হাথনিকুন্দ বাধ থেকে প্রায় এক লাখ কিউসেক পানি ছাড়লে দিল্লিতে বন্যা সতর্কতা জারি হয় রবিবার।

পরিস্থিতি বেগতিক থাকায় মঙ্গলবারও দিল্লির সব স্কুল বন্ধ রাখা হয়। ভারি বৃষ্টিতে বিশাখা নদী ভয়ঙ্কর রূপ ধারন করায় সবচেয়ে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রবিবার পর্যন্ত ৩৯টি ধস ও ২৯টি হড়পা বানে বিলীন হয়েছে বাড়িঘর, মন্দির, রাস্তাঘাট। মারা গেছে অন্তত ৭২ জন। হিমাচলের সিমলাসহ ছয় জেলায় রেড অ্যালার্ট এবং চাম্বাসহ চর জেলায় অরেঞ্জ অ্যালার্ট বহাল আছে। ১৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।