ঢাকায় ইইউর পর্যবেক্ষক দলের দুই সদস্য | Daily AjKaler Kontho

ঢাকায় ইইউর পর্যবেক্ষক দলের দুই সদস্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
ঢাকায় ইইউর পর্যবেক্ষক দলের দুই সদস্য

আজকালের কন্ঠ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দলের দুই সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় তারা পৌঁছান। প্রতিনিধিদলের আরও চার সদস্য আজ (রোববার) আসার কথা রয়েছে।

তবে প্রতিনিধিদলের সদস্যদের নাম-পরিচয় প্রকাশ করেনি ঢাকার ইইউ দূতাবাস। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের পর্যবেক্ষক দল ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে থাকবে।

ইইউ দূতাবাসের একটি সূত্রে জানা গেছে, এ প্রতিনিধিদলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্মপরিধি, পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। এ ছাড়া তারা সরকারের প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীলসমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর পর ব্রাসেলস ফিরে গিয়ে তারা এ বিষয়ে প্রতিবেদন দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ইইউর প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দলের এ সফর আগামী জাতীয় নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা ব্রাসেলসে যে প্রতিবেদন দেবেন, তার ওপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচনি পর্যবেক্ষক পাঠানো বা না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ।