হোমনা প্রতিনিধি : বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ভাইরাস থেকে বাঁচতে গৃহে অবস্থান করছে দেশের মানুষ। ফলে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে দেশের খেটে-খাওয়া দিনমজুর, অসহায় ও দুস্থরা। বিশেষ করে মানুষের জীবনযাত্রা দিনদিন দূর্বিষহ হয়ে উঠছে।
এমতাবস্থায় কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র দিকনির্দেশনায় মধ্যরাতে দুস্থ-অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তার নিজ এলাকা দুলালপুর কাশিপুর গ্রামের কর্মহীন হয়ে পরা দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
জানা যায়, কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে এমন কিছু পরিবারের তালিকা করে তাদেও খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। যার মধ্যে রয়েছে চাউল, ডাউল ও আটা। বিতরণকালে দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা তাকে সহায়তা করেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ বলেন, মাননীয় সংসদ সদস্য জনাবা সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয় এর নির্দেশে আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারছি খাদ্য সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবানরা নিজ নিজ জায়গা থেকে অপেক্ষাকৃত অস্বচ্ছলদের দিকে হাত বাড়ালে কেউ না খেয়ে মরবে না।
আজকালের কন্ঠ /রায়হান / মিজান
আপনার মতামত লিখুন :