ক্যাডেটের এক শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় : শিক্ষামন্ত্রী | Daily AjKaler Kontho

ক্যাডেটের এক শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় : শিক্ষামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন
ক্যাডেটের এক শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় : শিক্ষামন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, গত অর্থবছরে (কোন অর্থবছর সেটা উল্লেখ করা হয়নি) ক্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে ক্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী পড়াশুনা করেন। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

মন্ত্রীর তথ্য অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থী প্রতি সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থবছরে এ স্তরের ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি ননটারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। শিক্ষার্থী প্রতি বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। এ হিসেবে সরকারের বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।

তিনি জানান, বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনয়ন এবং শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন, সাম্য ও জবাবদিহিতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারি, বেসরকারি ও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু ব্যয়ের ব্যবধান ক্রমান্বয়ে কমছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, রাজধানীর পার্শ্ববর্তী বছিলা, হেমায়েতপুর ও সুগন্ধা হাউজিংসমূহে জনবল স্বল্পতার সুযোগে রাজউক থেকে অনুমোদন ছাড়াই মালিকরা অবৈধভাবে বেশিরভাগ ভবন নির্বাচন করেছেন। তবে জনবল বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় ভবন তদারকি বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি রাজউকের নাম ভাঙিয়ে অবৈধভাবে নির্মিত ভবন মালিকদের থেকে টাকা আদায়ের ঘটনা ঘটাতে পারে।