আজকালের কন্ঠ ডেস্ক : আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করার দরকার আমরা এরইমধ্যে করেছি এবং ভবিষ্যতেও করে যাব। কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কাজেই তাদের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি যেন একেবারেই ভুলে না যায়, সে ব্যবস্থাটাই করতে হবে। কারণ আমাদের স্বতন্ত্রবোধ আছে, সেই বোধটা আমাদের ধরে রাখতে হবে।
সরকারপ্রধান বলেন, আমি মনে করি বাংলাদেশকে যেমন আমরা আর্থ-সামাজিকভাবে আমরা উন্নত করছি। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও তা সংরক্ষণেরও মধ্যেও আমরা এগিয়ে যাব। আমাদের সংস্কৃতি যাতে আন্তর্জাতিক বিশ্বেও বিকশিত হতে পারে সেই পদক্ষেপ আমরা নেব।
আপনার মতামত লিখুন :