হিলি দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আসবে সোমবার | Daily AjKaler Kontho

হিলি দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আসবে সোমবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৩, ৪:২৮ অপরাহ্ন
হিলি দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আসবে সোমবার

আজকালের কন্ঠ ডেস্ক : ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হবে। আমদানির শুরুর খবরে হিলির কাঁচাবাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজিতে একদিনের ব্যবধানে ১৮০ টাকা কমেছে। সকাল পর্যন্ত ১০০ টাকা কমে বিক্রি হয়েছে ৪০০ টাকা দরে, সেই কাঁচামরিচ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ক্রেতা সংকট এবং ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আমিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা বলছেন কাঁচামরিচের উৎপাদন কম যার জন্য বেড়েছে দাম, আসলে এইটা কোনো সঠিক কথা নয়। ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই দাম বৃদ্ধি করে দিয়েছে। যদি তাই না হতো তাহলে ভারত থেকে আমদানির কথা শুনে কেনো দাম কমে গেল। প্রশাসন তো কোনো পদক্ষেপই নিচ্ছে না। যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাহস পেত না।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতারা বলেন, আমরা মোকামগুলো থেকে বেশি দামে কাঁচামরিচ কিনে বেশি দামে বিক্রি করছি। মোকামে যদি সিন্ডিকেট হয় তাহলে সেখানে কেন প্রশাসন অভিযান পরিচালনা করছেন না। আগামীকাল ভারত থেকে কাঁচামরিচ আসবে সেই খবরে মোকামে দাম কমেছে। বর্তমানে ৩২০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বলেন, আগামীকাল সোমবার (৩ জুলাই) হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হবে। এখন পর্যন্ত হিলির আটজন আমদানিকারক ৩ হাজার ৩০০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানির জন্য এলসি করেছেন।