ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না : টিপু মুনশি | Daily AjKaler Kontho

ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না : টিপু মুনশি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৬:২১ অপরাহ্ন
ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না : টিপু মুনশি

আজকালের কন্ঠ ডেস্ক : চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর সুপারিশ করেছে চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ শুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এতে সায় দেয়নি সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার জানিয়েছেন, ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না।

চিনির দাম বাড়ানোর এই প্রস্তাব নিয়ে কুরবানির ঈদের আগে চিনি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসা হবে না বলেও বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন।

সচিবালয়ে বৃহস্পতিবার আয়ুর্বেদিক ওষুধ বিষয়ক এক জাতীয় সেমিনারে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, এখনই চিনি ব্যবসায়ীদের সঙ্গে দাম সমন্বয়ের জন্য কোনো বৈঠক করা সম্ভব হচ্ছে না। কুরবানির ঈদের পরে তাদের সঙ্গে বসে দাম নির্ধারণ করা হবে।

‘চিনির দাম বিষয়ে অ্যাসেসমেন্ট আছে। সে অনুযায়ী ভোক্তা অধিকারকে বাজারে মনিটরিং করতে হবে। অ্যাট লিস্ট ট্যারিফ কমিশনের সুপারিশের চেয়ে যাতে কোম্পানিগুলো বেশি দাম না নেয়, সেটা নিশ্চিত করতে হবে। ‘

গত ১৯ জুন চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ শুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, ২২ জুন থেকে তারা প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১৫০ টাকা ও খোলা চিনি ১৪০ টাকা দরে বিক্রি করবে।

বর্তমানে প্রতিকেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১২৫ টাকা নির্ধারিত আছে। তবে বাজারে প্রতিকেজি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।