হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড | Daily AjKaler Kontho

হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন
হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার হোমনা উপজেলায় আবদুল করিম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. মজনু মিয়া ও কবির মিয়া। তাদের বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার বাণমারা পশিচমপাড়া গ্রামে।

কুমিল্লার আদালতের এপিপি অ্যাড. সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেল বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনার চার দিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদীতে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।