বাজার এখন কাঁচা আমে ভরপুর | Daily AjKaler Kontho

বাজার এখন কাঁচা আমে ভরপুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন
বাজার এখন কাঁচা আমে ভরপুর

লাইফস্টাইল ডেস্ক : চলছে কাঁচা আমের সময়। বাজার এখন কাঁচা আমে ভরপুর। কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা হয়। ঝাল পছন্দ করা মানুষের জন্য কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমের ঝাল আচার।

চলুন জেনে নিন রেসিপি-

যা যা লাগবে

আম ১ কেজি, সিরকা ১ কাপ, সরিষার তেল দেড় কাপ, সরিষাবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, মরিচবাটা ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ, লবণ ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, রসুন কোয়া ১৫-১৬টি, কাঁচা মরিচ ১০টি, রসুন বাটা ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে নিন। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প হলুদ ও লবণ মাখিয়ে একদিন রোদে দিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিন। এরপর তাতে রসুন বাটা ও আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে। আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১০ মিনিট অল্প আঁচে নাড়তে হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। এবার ঠান্ডা হলে কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করুন।