ডিসি সুলতানাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা | Daily AjKaler Kontho

ডিসি সুলতানাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২০, ১:২০ অপরাহ্ন
ডিসি সুলতানাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

আজকালের কন্ঠ ডেস্ক : সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মারধর এবং তুলে নিয়ে জেল-জরিমানার ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনসহ জড়িত চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

‘কেন তাদের সাময়িক বরখাস্ত করা হবে না’- জানতে চেয়ে তিন কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

অপর তিনজন হলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দীন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা এবং এসএম রাহাতুল ইসলাম।

পাশাপাশি ওই অভিযানে নেতৃত্ব দেয়া আরডিসি নাজিম উদ্দীনের সম্পদের হিসাব চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের জবাব পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন মঙ্গলবার বলেন, আমরা অলরেডি প্রত্যাহার হওয়া ডিসি সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছি। তাদের কেন সাময়িক বরখাস্ত করা হবে না- জানতে চেয়ে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যাতে তারা আদালতে গিয়ে বলতে না পারে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। তাদের জবাব পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ওদিকে সাংবাদিক নির্যাতনে নেতৃত্বদানকারী আরডিসি নাজিম উদ্দীনের সম্পদের হিসাব চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শোকজের জবাবের সঙ্গে তার সম্পদের হিসাব বিবরণী দিতে বলা হয়েছে।

তিনি এর আগে কক্সবাজারে কর্মরত থাকাকালে নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রামের বাড়িতে বিশাল ইমারত নির্মাণ, স্ত্রী ও শ্বশুরের নামে জায়গা-জমি কেনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আজকালের কন্ঠ /এমএম