ক্ষমতা তুলে দেওয়া যাবে না সন্ত্রাসীদের হাতে : বাহাউদ্দিন নাছিম | Daily AjKaler Kontho

ক্ষমতা তুলে দেওয়া যাবে না সন্ত্রাসীদের হাতে : বাহাউদ্দিন নাছিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন
ক্ষমতা তুলে দেওয়া যাবে না সন্ত্রাসীদের হাতে : বাহাউদ্দিন নাছিম

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার। সে সিরিজ বোমা হামলা করেছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে। তাই কোনো সন্ত্রাসীদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া যাবে।

গত বুধবার বিকালে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান বিদেশে আরাম-আয়েশের জীবনযাপন করে আর ভার্চুয়ালি বক্তব্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে।

তিনি বলেন, ‘তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করে বিএনপিকে আজ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তাই বিএনপিকে এখন আর মানুষ চায় না।

আগামীতে জনগণ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নাছিম।