আজকালের কন্ঠ ডেস্ক : এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।গত সোমবার (৮ মে) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি জনাব হি দন জং। এসময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জনাব জিয়ান্নি মারলো। ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে দেয়া হয়েছে এই স্বীকৃতি। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম।
২০২২ সালও ছিলো বিএসপিএ’র জন্য ব্যস্ততম বছর। অনান্য নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি এবছর ৬০ বছর পূর্তির জমকালো আয়োজন করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেয়া হয়, যা ব্যপক প্রশংসিত হয়েছে এআইপিএস এশিয়ার ২৪তম কংগ্রেসে।
আপনার মতামত লিখুন :