বেড়েছে কাঁচামরিচের দাম | Daily AjKaler Kontho

বেড়েছে কাঁচামরিচের দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
বেড়েছে কাঁচামরিচের দাম

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা। বর্তমানে প্রতি কেজি লোকাল কাঁচামরিচ ৯০ টাকায় এবং উত্তরাঞ্চলের (ডোমার) কালো কাঁচামরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

মঙ্গলবার (৯ মে) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। সরবরাহ কমের কারণে বেড়েছে দাম। ভারত থেকে বেশি পরিমাণ আমদানি হলে কমতে পারে দাম বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, দেশের বাজারে প্রতিদিন কোনো-না কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। এই সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও চাল, ডাল, তেল, চিনিসহ নানান নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিল্পব শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমের কারণে পণ্যটির দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা ডোমার থেকে যেসব কালো কাঁচা মরিচ কিনে এনেছি, সেগুলো ১২০ টাকা এবং লোকাল যেমন, জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবি এলাকা থেকে সরবরাহকৃত কাঁচামরিচ ৯০ টাকা দরে বিক্রি করছি।