খাগড়াছড়িতে চড়া দামে চাল বিক্রি, চার গুদাম সিলগালা | Daily AjKaler Kontho

খাগড়াছড়িতে চড়া দামে চাল বিক্রি, চার গুদাম সিলগালা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২০, ৭:২৫ অপরাহ্ন
খাগড়াছড়িতে চড়া দামে চাল বিক্রি, চার গুদাম সিলগালা

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে বাজারের কিছু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছে এমন অভিযোগে অভিযানে নামেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

এ সময় অভিযোগের সত্যতা পেয়ে চালের অবৈধ মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগে দুই চাল ব্যবসায়ীর চার গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে চড়া দামে চাল বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের খবর পেয়ে আগেই দোকান বন্ধ করে বাজার থেকে ছিটকে পড়েন চাল ব্যবসায়ী মো. আবু সওদাগর ও মো. আলম সওদাগর। পরে তাদের নিয়ন্ত্রিত চার গুদাম সিলগালা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। একই সময়ে চড়া দামে চাল বিক্রির অভিযোগে মো. সোহাগ হোসেন ও মো. আইয়ুব আলীসহ চার চাল ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান কালে কয়েকশ’ ক্রেতাসহ খুচরা ব্যবসায়ীরা চড়া দামে চাল বিক্রিসহ মো. আবু সওদাগর ও মো. আলম সওদাগরের বিরুদ্ধে চালের কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগ করেন। মো. আবদুল জলিল নামে এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন ওই দুই ব্যবসায়ী চালের পর্যাপ্ত মজুদ থাকলেও দীর্ঘদিন ধরে খুচরা বিক্রেতাদের কাছে চাল বিক্রি করছেন না।

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে মাটিরাঙ্গা বাজারের কিছু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় জানিয়ে বিভীষণ কান্তি দাশ গণমাধ্যম কর্মীদের বলেন, দেশে খাদ্য সঙ্কট নেই। স্থানীয় একটি ব্যবসায়ী সিন্ডিকেট কারসাজি করে চালের সঙ্কট তৈরি করছে। বাজার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আজকালের কন্ঠ /এমএম