টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | Daily AjKaler Kontho

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২০, ১২:০০ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজকালের কন্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র দল গার্ড অব অনার প্রদান করে।

মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন।

এর আগে ৯টা ৫০ মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে নামেন। এ সময় তাকে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বাগত জানান।

সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ করেন; ১০টা ১৭ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিকী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আমির হোসেন আমু, মুহাম্মদ ফারুক খান এমপি,জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী হাসান মাহামুদ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মতিয়া চৌধুরী এমপি, জুনায়েদ আহম্মেদ পলক এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থান সাজানোর পাশাপাশি নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে বিভিন্ন কর্মসূচি হাতে পালন করছে জেলা ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।

আজকালের কন্ঠ /মিজান