আজকালের কন্ঠ ডেস্ক : সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়তে নৌকা, ধানের শীষ নয়, লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনের উপ—নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হাজী মো. শাহজাহান।
মঙ্গলবার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে ভোটারদের তিনি এ আহ্বান জানান।
শাহজাহান বলেন, জনগণ বারবার আওয়ামী লীগ ও বিএনপিকে নির্বাচিত করলেও দেশবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্র ও সমাজের উন্নয়নের কথা বলে ক্ষমতায় এসে তারা নিজেদের উন্নয়ন করে। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পর তারা ভুলে যান। তাই উন্নয়ন সমৃদ্ধির জন্য লাঙলে ভোট দিন। আমি আপনাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবো।
সকাল থেকে নির্বাচনী এলাকার কলাবাগান, এলিফ্যান্ট রোড, কাটাবন ও মিরপুর রোডে লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ করেন জাপা প্রার্থী শাহাজাহান। এ সময় তিনি দুটি পথসভায় বক্তব্য রাখেন।
জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, শওকত হোসেন, কামরুল ইসলাম নোমানীসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচনী প্রচারে অংশ নেন।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :