জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সংসদে ভাষণ দেবেন: রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সংসদে ভাষণ দেবেন: রাষ্ট্রপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সংসদে ভাষণ দেবেন: রাষ্ট্রপতি

আজকালের কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দেবেন সংসদ সদস্যরা।

গতকাল অধিবেশনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেন। শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মহান সংসদে স্মারক বক্তৃতা দেবেন।’ সবার অংশগ্রহণে সংসদের বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সদস্যরা হচ্ছেন এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ বেশির ভাগ সংসদ সদস্য অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে।