ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি : জাহাঙ্গীর কবির | Daily AjKaler Kontho

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি : জাহাঙ্গীর কবির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৩:২১ অপরাহ্ন
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি : জাহাঙ্গীর কবির

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি। সে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিয়েছি।

এ সময় আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সাবেক এই প্রতিমন্ত্রী। প্রবাসীদের উদ্দেশে নানক বলেন, যারা ১২ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন- ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ’। শুধু রাজধানীর উন্নয়নই দেখবেন না, গ্রামে যাবেন দেখবেন ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটের পাশাপাশি ৫৪৮টি মডেল মসজিদও নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার।

প্রবাসীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। আশা করি আমাদের প্রবাসীরা অবৈধপথ পরিহার করে ব্যাংকিং পন্থায় দেশে টাকা পাঠাবেন। এতে করে প্রবাসীদের টাকা যেমন নিরাপদ থাকে তেমনি দেশের উন্নয়নের জন্যেও কাজে আসে।

এ সময় প্রবাসীদের বাংলাদেশে অর্থ বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ এখন একটি শান্তি ও উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উর্বর ক্ষেত্র যেখানে বিনিয়োগ করার পরিবেশ খুবই বেশি। বিনিয়োগ করার দেশগুলো ইতোমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য।

এ সময় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ অন্টারিও শাখা সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, গোলাম সারোয়ার, নওশের আলি, সাধারণ সম্পাদক মাসুদ আলি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনির বাবুসহ অন্যান্য নেতারা।