জার্মানিকে হারাল বেলজিয়াম | Daily AjKaler Kontho

জার্মানিকে হারাল বেলজিয়াম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
জার্মানিকে হারাল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : জার্মানিকে হারাতে প্রায় ভুলেই গিয়েছিল বেলজিয়াম! এর কারণও সহজেই অনুমান করা যায়। কারণ, ১৯৫৪ সালের পর থেকে দুই দলের সাক্ষাতে জয়ের দেখাই পাচ্ছিল না বেলজিয়ানরা। তবে নতুন অধিনায়ক কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে অবশেষে অজেয় বাধা টপকালো দলটি।

৬৯ বছরের ইতিহাস ভেঙে জার্মানদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বেলজিয়ানরা। মঙ্গলবার রাতে কোলনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চে ভরা এক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।

যদিও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়ামদের আবারও দুই গোলে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের শেষ দিকে জার্মানির সার্জ গ্যানাব্রি জাল খুঁজে পেলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় জার্মানরা।

ম্যাচে আরও গোল হতে পারতো! কিন্তু গোলপোস্টের ফাঁদে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের প্রথমার্ধে ক্রসবারে লেগে ফিরে আসে লুকাকুর হেড। দ্বিতীয়ার্ধেও পোস্টে লেগে গ্যানাব্রির শট দূরের লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচজুড়ে ৫৪ শতাংশ সময় জার্মানরা পায়ে বল রেখেছিল। আর গোলমুখে ১৬টি শট নিয়েও চারটি শট লক্ষ্যের দেখা পেয়েছিল। অন্যদিকে বেলজিয়ানদের সাতটি শটের মধ্যে চারটিই গোলে লক্ষ্যে ছিল।

অন্যদিকে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ধারাবাহিকতার খোঁজে রয়েছে জার্মানরা। শনিবার (২৫ মার্চ) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি।